শিরোনাম

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরে তা কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও) সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

এ ছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বিশেষ এই সুবিধার আওতায় থাকবে সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকা।

তবে ১৭ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। আর ২১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদ হলে সেদিন সব ব্যাংক বন্ধ থাকবে।

/এসএ/