শিরোনাম

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নে ফেলা সিনেমার অস্কার জয়

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নে ফেলা সিনেমার অস্কার জয়
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার পুরো টিম। ছবি এএফপি

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ জিতেছে এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

১৯৯০ সালে প্রকাশিত থমাস পিনচন-এর উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ ও শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে। এসব প্রসঙ্গের মাধ্যমে ছবিটি যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। তবে গুরুগম্ভীর বিষয়বস্তুকেও বিনোদনের ঢঙে উপস্থাপন করেছেন নির্মাতা।

সেরা ছবির পাশাপাশি সেরা নির্মাতার পুরস্কারও জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। সব মিলিয়ে ছয়টি বিভাগে পুরস্কার জিতে এবারের অস্কারে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সিনেমাটি। পুরস্কার গ্রহণ করে অ্যান্ডারসন বলেন, এই স্বীকৃতির জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সবাইকে ধন্যবাদ।

সেরা অভিনেত্রী জেসি বাকলি

এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পান তিনি।

অভিনেত্রী জেসি বাকলি। ছবি: এএফপি
অভিনেত্রী জেসি বাকলি। ছবি: এএফপি

এর আগে গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ ও বাফটা পুরস্কারেও একই ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া প্রথম আইরিশ অভিনেত্রীও জেসি বাকলি। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত কণ্ঠে নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সেরা অভিনেতায় চমক

সেরা অভিনেতার বিভাগে ছিল বড় চমক। টিমোথি শ্যালামে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নন, বরং পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। রায়ান কুগলার পরিচালিত হরর সিনেমা ‘সিনার্স’-এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

অভিনেতা মাইকেল বি জর্ডান। ছবি: এএফপি
অভিনেতা মাইকেল বি জর্ডান। ছবি: এএফপি

পুরস্কার গ্রহণ করে মাইকেল বি জর্ডান বলেন, আমার আগে পথ তৈরি করে দেওয়া কৃষ্ণাঙ্গ অভিনেতাদের কারণেই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি।

অন্যান্য পুরস্কার

এবার সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হয়েছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায়।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান, হরর সিনেমা ‘ওয়েপনস’-এ অভিনয়ের জন্য। আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে কর্নেল স্টিভেন জে লকজ চরিত্রে অভিনয়ের জন্য এটি তার তৃতীয় অস্কার।

এ ছাড়া নেটফ্লিক্স প্রযোজিত মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’ জিতেছে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার। ছবিটির গান ‘গোল্ডেন’ পেয়েছে সেরা গানের স্বীকৃতি।

আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটগরিতে অস্কার পুরস্কার পেয়েছে নরওয়ের সিনেমা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ছবি: এএফপি
আন্তর্জাতিক চলচ্চিত্র ক্যাটগরিতে অস্কার পুরস্কার পেয়েছে নরওয়ের সিনেমা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ছবি: এএফপি

অস্কারের মঞ্চে রাজনীতির ছোঁয়া

এবারের অস্কারের মঞ্চেও ছিল রাজনৈতিক বার্তা। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম বলেন, যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।

তার এই বক্তব্যের পর অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।

/এসএ/