শিরোনাম

যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিহত রাশিকুল আনাম রাশু। ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাশিকুল আনাম রাশু (৩৮)। তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের দৌলতপুর থানা শাখার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির একটি তার মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফ রাশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

/এসএ/