শিরোনাম
সরাসরি

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

১৭: ০২

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

ট্রাম্পের মন্তব্যের পর সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিং যদি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা না করে, তাহলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে পারে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকনির্দেশনা দেয়।

তিনি আরও জানান, ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের আহ্বান নিয়ে প্রশ্ন করা হলে লিন জিয়ান বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক রুট ব্যাহত হচ্ছে এবং এতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

একই সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে চীন কাজ করে যাবে বলেও জানান তিনি।

১৫: ৪১

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি, দুবাই বিমানবন্দর বন্ধ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি, দুবাই বিমানবন্দর বন্ধ
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ড্রোন হামলা করেছে। ছবি: এপি

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির মুখে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় সকাল ১১টা) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্র বলছে, আমিরাতের আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ‘ইন্টারসেপ্ট’ করার শব্দ।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিবিসি নিউজ জানিয়েছে, সোমবার ভোরে বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন আঘাত হানলে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর কিছুক্ষণ পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কয়েকটি ফ্লাইট দুবাইয়ের আরেকটি বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে সীমিত আকারে তাদের ফ্লাইট পরিচালনা শুরু হবে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

দুবাই বিমানবন্দরে অবস্থানরত এক যাত্রী বিবিসিকে জানান, তারা দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করছেন। প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরে অপেক্ষা করার পর পাইলট যাত্রীদের জানান, একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে এবং আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আতঙ্ক এড়াতে ঘটনাটি বিস্তারিতভাবে জানানো হয়নি।

১৫: ৩০

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে আলোচনা করছেন ট্রাম্প

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে আলোচনা করছেন ট্রাম্প
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরু হওয়ার তিন সপ্তাহ পার হওয়ার পর তিনি এ উদ্যোগের কথা জানান।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে তিনি প্রায় সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়, ফলে এর নিরাপত্তা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটোর সদস্যরা যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা না করে, তবে জোটটির ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে।

এদিকে ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাজধানী তেহরানে ভারী বোমা হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে সৌদি আরব জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ছোড়া অন্তত ৬০টির বেশি ড্রোন তারা রাতভর ভূপাতিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে একটি বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে ইরানের একটি ক্ষেপণাস্ত্র কাছাকাছি আঘাত হানার পর বন্ধ হয়ে যাওয়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে তারা স্থল অভিযান শুরু করেছে।