শিরোনাম

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ
মতিঝিলে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের বিক্ষোভ কর্মসূচি। ছবি: জাকির হোসেন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে অপসারণসহ ৭ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহকরা।

বুধবার (৩ জুন) পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১টায় মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় খুরশীদ আলমের অপসারণের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন গ্রাহকরা। তারা বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তবে এস আলমের ঘনিষ্ঠ সহযোগি ব্যাংক লুটেরাদের ইসলামী ব্যাংক থেকে অপসারণ করতে হবে। অন্যথায় সদ্য ক্ষমতায় আসা বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত সোমবার (১ জুন) মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। পরে অগ্রণী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে পুলিশের হামলার নিন্দা জানান তারা।

গতকাল মঙ্গলবার (২ জুন) আবারও ব্যাংকটির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন গ্রাহকরা। এ সময় তারা পূর্ববর্তী ৫ দফা বাড়িয়ে ৭ দফা দাবি জানান।

৭ দফা দাবির মধ্যে রয়েছে–

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের বোর্ডে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করা, এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা, শুধু ইসলামী ব্যাংক নয়– এস আলম যেন কোনো ব্যাংকেই ফিরতে না পারেন সেই ব্যবস্থা করা এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

/জেএইচ/