শিরোনাম

রাজধানীতে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত
রাজধানীর কলাবাগান থানা

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭) এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

রবিবার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে সুপান্তর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য আজ সোমবার (১ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই ঘটনায় ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) আটক করা হয়েছে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, ২০২১ সালে দুই ভাইয়ের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। বাবা সিরাজুল সালেকীন কানাডা প্রবাসী। আর মা ডা. সানজিদা আক্তার মৌসুমী অন্যত্র বিয়ে করে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় থাকেন। মৌসুমী বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার হাড়ভাংগা গ্রামে।

তিনি আরও জানান, সুপান্ত এবার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। শুদ্ধ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। কলাবাগানে ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় তারা থাকতো। রবিবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুদ্ধ লোহার ডাম্বেল দিয়ে সুপান্তর মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সুমন জানান, বাবা-মায়ের বিচ্ছেদ, একা একা বসবাস, কাজের বুয়ার রান্না খাওয়া এসব বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হতো। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফসি/