শিরোনাম

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা

জয়পুরহাট সংবাদাতা
পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা
বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক।

আন্তর্জাতিক আইন অমান্য করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। তবে স্থানীয়দের খবরে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণের বিধান নেই। অভিযোগ রয়েছে, সেই নিয়ম উপেক্ষা করেই বিএসএফ সদস্যরা সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু করে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে বেড়া মেরামত করছিল বিএসএফ সদস্যরা। কিন্তু মঙ্গলবার রাতে শূন্যরেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, কাঁটাতারের বেড়া কোথাও ছিঁড়ে পড়লে বিএসএফ মাঝেমধ্যে সেগুলো মেরামত করে। গত রাতে (মঙ্গলবার) কাঁটাতারের বেড়া মেরামত করতে এলে নতুন করে বেড়া দেওয়ার চেষ্টা করে, তখন আমরা ও বিজিবি বাধা দেই।

/এসআর/