শিরোনাম

রাজধানীতে অপহরণ চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অপহরণ চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন ।

গ্রেপ্তারকৃতরা হলো- জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মো. মর্তুজা তামিম (২৬)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) সাদমান সাকিব (২৭) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেপ্তারকৃতরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের গলিতে নিয়ে আটকে রাখে। অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি বলেন, ভিকটিম রাজি না হওয়ায় অপহরণকারীরা তাকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেয়। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে।পরবর্তীতে তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আদাবর থানা পুলিশ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

/এসবি/