শিরোনাম

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক
জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৩
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

তিনি বলেন, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার পর বাবর রোডে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গেটের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়।

এডিসি জুয়েল রানা বলেন, মূলত প্রতি বৃহস্পতিবার মাদক বিক্রির জন্য সক্রিয় হয় একটি চক্র। গতকালও ক্যাম্পের ভেতরে মাদক বিক্রির প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও এসপিবিএন সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়। পরে সেটি থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুরো অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য এখানে আসবেন বলে আমাদের কাছে তথ্য ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/