শিরোনাম

ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ভয়ভীতি দেখানো ও প্রতারণার অভিযোগে ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্লাবের সাবেক কর্মচারী মো. আশিক মোল্লা বাদী হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এ মামলার আবেদন করেন।

মামলার আসামিরা হলেন– ঢাকা ক্লাবের সভাপতি ও রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক শামীম হোসেন, ডাইরেক্টর (ফিন্যান্স) তুহিন রেজা, সিও ও সচিব লে. কর্নেল (অব.) ছাব্বির আহম্মেদ এবং চিফ ফিন্যান্স অফিসার (সিএফও) ইকবাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এজাহারের বাদী উল্লেখ করেন, ২০১৭ সালের ২৩ নভেম্বর বাদী ঢাকা ক্লাবে ‘অ্যাটেনডেন্ট’ পদে যোগদান করেন এবং ২০১৮ সালের ১৯ আগস্ট স্থায়ী নিয়োগ পান। দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৬ জানুয়ারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে তাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত রাখা হয়। পরবর্তী সময় দীর্ঘ ছয় মাস বরখাস্ত রাখার পর গত ২৭ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়, বাদীর সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, নোটিশ পে ও বকেয়া বেতন বাবদ মোট ৪ লাখ ৯০ হাজার টাকা পাওনা হয়। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪(ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান। তবে আসামিরা নোটিশ পেয়েও মধ্যস্থতায় উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র প্রদান করেন।

ছাড়পত্র পাওয়ার পর ১৫ আগস্ট ২০২৬ তারিখে বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক প্রদান করেন। তবে অবশিষ্ট টাকা দিতে পারবেন না বলে বাদীকে সাফ জানিয়ে দেওয়া হয়। সেই টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা তাঁকে মেরে ফেলার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

/এফআর/