শিরোনাম

স্থানীয় নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 স্থানীয় নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে ইসির সঙ্গে বৈঠক: প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে। নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

তিনি বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা দেবে।

শাহে আলম বলেন, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ থাকায় এ অর্থ সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে না। প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।

এছাড়া, রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

/এসবি/