শিরোনাম

শপিং ব্যাগের অর্থ আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
শপিং ব্যাগের অর্থ আদায় বন্ধে আড়ংকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

শপিংয়ের পর ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে।

আইনজীবী সাদ্দাম হোসেন অভি নোটিশে উল্লেখ করেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী।

তিনি বলেন, দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাই হাতে করে কাপড় বহন করছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, আড়ংয়ের এ ধরনের কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। পাশাপাশি তাদের দেখাদেখি অন্য ব্র্যান্ডের প্রতিষ্ঠানও ভবিষ্যতে ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় করতে উৎসাহিত হতে পারে।

এ কারণে অবিলম্বে আড়ংকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়।

এ ছাড়া ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/এসএ/