জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

এর আগে একই দিন সাবেক এই শিক্ষামন্ত্রীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত মামলার কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে বলা হয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলছিলো। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়াও নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাদিকুল ইসলাম ইসলাম নামে উত্তরার জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সাদিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় এই হত্যা মামলা করা হয়।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

/এসবি/