শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব ৫ দিনের রিমান্ডে
আদালত প্রাঙ্গণে বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর এক প্রবাস ফেরত ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন।

উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

/এসবি/