সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে গেলে তিনি নিজেও এই বাসায় থাকেন বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/