ছাত্রশক্তির নেতা রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

নেত্রকোনা  সংবাদদাতা
নেত্রকোনা সংবাদদাতা
ছাত্রশক্তির নেতা রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ
(ডানে) খান তালাত মাহমুদ রাফি

নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম।

এর আগে, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, পাশের বাড়ির এক নারী প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে রাফির পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। এতে তার বাবা-মা অক্ষত থাকলেও বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাফি নিজেই এ ঘটনার কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘রাত আনুমানিক তিনটায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’ পোস্টের সঙ্গে ঘটনার কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।

ওসি হাফিজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/