শিরোনাম

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ সংবাদদাতা
হাওরে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে কৌতুহলী মানুষের ভিড়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (০২ আগস্ট) দুপুরে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে আরও দুই জনের ভাসমান মরদেহ পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

তারা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

এর আগে, গতকাল শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরশহরের পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন মিলে একটি ছোট নৌকায় মইয়ার হাওরের দক্ষিণ এলাকায় তাদের সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ভোর রাতে তারা নৌকা করে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাটি ডুবে যায়। এতে পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও দুইভাইসহ চারজন নিখোঁজ হন।

জানা গেছে, গত ৩১ জুলাই পূর্ব ভবানীপুর এলাকার ১০জন নৌকাযোগে মইয়ার হাওরের দক্ষিণ এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ভোর রাতে তারা নৌকা করে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাটি ডুবে যায়। এতে ছয়জন সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও দুইভাইসহ চারজন নিখোঁজ হন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

/এফআর/