শিরোনাম

হাতির ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন চা দোকানি

শেরপুর সংবাদদাতা
হাতির ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন চা দোকানি
হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত ওমর ফারুক। ছবি: সিটিজেন জার্নাল

শেরপুরের শ্রীবরদী উপজেলার বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক চা দোকানি নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (৪০) ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় ২৫ থেকে ৩০টি বন্যহাতি লোকালয়ে নেমে আসে। এ সময় বন্যহাতি দেখতে মানুষ ভিড় করেন। কিন্তু ফারুক হাতির ভিডিও করতে কাছে গেলে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। আশপাশের লোকজন মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুককে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘হাতি থাকাকালীন সীমান্ত সড়ক দিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কোনো ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে হাতির ভিডিও না করার জন্য অনুরোধ জানাই। কেউ যদি বন্যপ্রাণীদের বিরক্ত করে তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।