শিরোনাম

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ী সংবাদদাতা
পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান
উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান কার্যক্রমে বিরতি দেওয়া হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, তৃতীয় দিনের মতো আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল অংশ নিয়েছে। রাজবাড়ী সদরের বালিয়াডাঙ্গি গ্রামের মুক্তা নামে এক নারীর অভিযোগ, তার ভাই রিয়াজ ঢাকায় যাচ্ছিলেন বাসে করে। কিন্তু ঘটনার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত তার মরদেহের খোঁজেই শুক্রবার সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

/এসআর/