রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়

রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের কলাপসিবল গেটের সামনের অংশ পুড়ে গেছে। তবে আগুন ভেতরে ছড়িয়ে না পড়ায় কার্যালয়ের অভ্যন্তরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজবাড়ী শহরের আজাদী ময়দানসংলগ্ন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টিনশেডের কার্যালয়ের সামনে কয়েকজন দলীয় নেতা-কর্মী অবস্থান করছেন। কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলছিল। গেটের সামনের অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে। তবে কার্যালয়ের ভেতরে আগুন লাগার কোনো চিহ্ন দেখা যায়নি।

দলীয় নেতা-কর্মীরা জানান, রাতে সাধারণত কার্যালয়ে কেউ থাকেন না।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ হিসেবে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, রাজবাড়ীতে বর্তমানে কোনো রাজনৈতিক সহিংসতার পরিবেশ নেই। আগুন দেওয়ার ধরন দেখে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার বলে মনে হচ্ছে না। রাজনৈতিক পরিবেশ অশান্ত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনিও।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে কলাপসিবল গেটে আগুন দেওয়া হয়েছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যায়।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

/এমআর/