পদ্মায় ধরা পড়লো ২৪ কেজি ওজনের কাতল

রাজবাড়ী সংবাদদাতা
রাজবাড়ী সংবাদদাতা
পদ্মায় ধরা পড়লো ২৪ কেজি ওজনের কাতল
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২৪ কেজি ওজনের কাতলা মাছ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৪ কেজির একটি কাতলা মাছ ৫৯ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এসময় একটি রুই ও দুটি চিতল মাছ বিক্রি হয়েছে ৭৭ হাজার টাকায়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মাছ চারটি ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হালদার পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় চাপ জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তোলার সময় তিনি বড় আকারের একটি কাতলা মাছ দেখতে পান। বেলা ১১টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসা হয়। সেখানে ওজন করা হলে দেখা যায়, মাছটির ওজন ২৪ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি কাতলা মাছটি ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৯ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

এর আগে, এদিন সকালে স্থানীয় ৭ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা মিঠু হালদারের জালে ৯ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি রুই মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ঘাট মাছবাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৩৬ হাজার ৬৬০ টাকায় কেনেন। পরে রুই মাছটি গাজীপুরের এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৩০০ টাকা লাভে ৪ হাজার ২০০ টাকা দরে ৩৯ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেন তিনি।

একই সময়ে দৌলতদিয়া ঘাট মাছবাজারের হালিম সরদারের আড়তে নিলামে তোলা হয় ১২ কেজি ওজনের একটি এবং ৯ কেজি ওজনের আরেকটি চিতল মাছ। চিতল মাছ দুটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে নেন শাহজাহান শেখ । পরবর্তীতে তিনি চিতল মাছ দুটি টাঙ্গাইলের ঘাটাইল এলাকার এক প্রবাসীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭৩০ টাকা দরে মোট ৩৬ হাজার ৩৩০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ বলেন, মাছ চারটি কিনতে আমার ৯৫ হাজার ৭৬০ টাকা খরচ হয়েছিলো। পরে বিভিন্ন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেছি। শনিবার দুপুরেই মাছগুলো দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/এসবি/