সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ায় ডিআরইউর উদ্বেগ
সাংবাদিক রাজীব ঘোষ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ডিবিসি নিউজের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।

আজ বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই উদ্বেগের কথা জানান।

ডিআরইউর ওই বিবৃতিতে বলা হয়েছে, একজন সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো পদক্ষেপ অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষায় এ ধরনের ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

ডিআরইউ নেতারা অবিলম্বে রাজীব ঘোষের অবস্থান তার পরিবার ও সহকর্মীদের কাছে স্পষ্ট করা এবং আইনগত ভিত্তি না থাকলে তাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বুধবার দুপুরে আটক করে পুলিশ। সে সময় ডিবিসির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।

/বিবি/