‘শখ জাগছে আপনারে জ্যাতা পুড়মু’, ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সংবাদদাতা
‘শখ জাগছে আপনারে জ্যাতা পুড়মু’, ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি
বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজী

পটুয়াখালীর বাউফল উপজেলায় ফরিদ উদ্দিন গাজী নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫২) নামের এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির ওই নেতার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ফরিদ উদ্দিন গাজী (৪৫) বাউফল উপজেলা বিএনপির সদস্য। তার বাড়ি উপজেলা সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে ফরিদ উদ্দিনকে বলতে শোনা গেছে, ‘দাদু আমার একটা শখ জাগছে, বুঝছেন? আমি একটা জ্যাতা নমো পুড়মু (পোড়াব), আপনারে বাইছা নিছি, এ ক্ষেত্রে আপনার মন্তব্য কী? আপনার কোনো প্রতিক্রিয়া আছে? যদিও আপনারে সকালে খুঁইজা আইছিলাম, আপনি মনে হয় স্টেশনে (এলাকা) নাই। আপনি এলাকায় আসতেছেন কবে নাগাদ?’

এ বিষয়ে গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, আমি ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর আগেও মুঠোফোনে হুমকি দিয়েছিলেন ফরিদ গাজী। তখন ৫০ লাখ টাকা চাঁদাও দাবিও করেছিলেন। তখনকার কথা আমি রেকর্ড করতে পারেননি।

তিনি বলেন, ফরিদ একজন সন্ত্রাসী। এ জন্য আমি শঙ্কিত। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।

বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ (ফিরোজ) বলেন, ফরিদ গাজীর বিষয়ে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। জেলা বিএনপির নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, এ বিষয়ে উপজেলা বিএনপির নেতাদের তদন্ত করে ফরিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলায় পাঠাতে বলা হয়েছে। পরে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে জেলা বিএনপি।

/এসবি/