শিরোনাম

পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু হবে মার্চে: মঈনুদ্দিন

পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু হবে মার্চে: মঈনুদ্দিন
পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে সাংবাদিকদের বিফ্র করেন শেখ মঈনুদ্দিন। ছবি: সংগৃহীত

আগামী বছরের মার্চে পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলবে। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ।

শেখ মঈনুদ্দিন বলেন, বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসন হবে। এরইমধ্যে আগামী মার্চ মাসে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।

সারাদেশে নৌ, রেল ও সড়কপথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মঈনুদ্দিন বলেন, দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার। এছাড়া, আরিচা-খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। একই সঙ্গে ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সোমবার (০৮ ডিসেম্বর) ঈশ্বরদী আসেন। মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত নর্থ বেঙ্গল পেপার মিল স্কুল পরিদর্শন করেন।

পাকশী রেলওয়ে কার্যালয়ে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন ও পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলের কর্মকর্তারা ।