নিখোঁজের পরদিন হলুদ খেতে ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
নিখোঁজের পরদিন হলুদ খেতে ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ
মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

‎পাবনার সুজানগর উপজেলায় নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আমিনপুরে বাড়ির পেছনে হলদের খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎

‎নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন।

আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

‎

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকালে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে তিনি পরে যাবেন বলে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন। এরপর আর ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে যাননি সুপ্রভাত মদক।

এতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। এতে সুপ্রভাত মদকের সন্ধানে মাঠে নামে পুলিশ।‎

‎ওসি ফজলে এলাহী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাত মদকের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ‎

‎এরপর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে হলুদের খেতে সুপ্রভাত মদকের মরদেহ আগুনে ঝলসানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ‎খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

‎

ওসি আরও বলেন, সুপ্রভাত মদককে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল– সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/