বেড়ায় আজও মুখোমুখি বিএনপি-আ.লীগ, সতর্ক অবস্থানে পুলিশ

পাবনা সংবাদদাতা
পাবনা সংবাদদাতা
বেড়ায় আজও মুখোমুখি বিএনপি-আ.লীগ, সতর্ক অবস্থানে পুলিশ
বিএনপি-আওয়ামী লীগের উত্তেজনা ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে টানা চারদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকেও পৌরসভার কয়েকটি এলাকায় দুই পক্ষের অনুসারীদের মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে। তবে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলমান সংঘর্ষ ও বিরোধের জেরে আজ সকালে পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। অন্যদিকে পাশের হাতিগাড়া এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি তিনটি এলাকায় দুই পক্ষের এমন অবস্থান ঘিরে এসব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকান খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।

বেড়া থানার ওসি প্রত্যাহার

এদিকে, গত তিন দিনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গতকাল শনিবার রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। তাকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে, নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা।

নতুন ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন তিনি। কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে সাঁথিয়া ও পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একই দিন বৃশালিখা মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়েও সংঘর্ষ হয়।

ওই সময় দুই এলাকার সংঘর্ষে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসব ঘটনার জেরে পরদিন শুক্রবার পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে গতকাল শনিবারও সকাল থেকে পৌর এলাকার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা নৌকা চত্বর এলাকায় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। দুপুর একটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় বিএনপি নেতারা বৈঠক করেন। বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

পরে বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

/এফআর/