বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা রুটে চলবে আন্তঃনগর ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা রুটে চলবে আন্তঃনগর ট্রেন
প্রতীকী ছবি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে পাবনাবাসীর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এতে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের সুবিধা পাবেন জেলার মানুষ। নতুন এই রেলসেবা চালুর খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাবনা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী আলমাস আলী বলেন, ‘পাবনার অন্য উপজেলা থেকে ট্রেন চলাচল থাকলেও, পাবনা সদর থেকে সরাসরি ঢাকার সাথে ট্রেন চলাচল ছিল না। এখন পাবনা থেকে সরাসরি আমরা ট্রেনে ঢাকা যেতে পারবো। এতে খরচ ও সময় কম লাগবে। সেইসঙ্গে আমাদের ব্যবসার প্রসার ঘটবে। সবমিলিয়ে আমরা উপকৃত হবো। তাই ট্রেন চালু হওয়ার খবরে আমরা খুবই খুশি।’

শুধু আলমাস আলী-ই নন, তার মতো পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু নিয়ে উচ্ছ্বসিত পাবনার সর্বস্তরের মানুষ। কারণ এটি ছিল পাবনার লাখো মানুষের প্রাণের দাবি।

পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা এখন বাস্তবায়ন হচ্ছে। গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয়। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই রেলসেবার নামকরণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুপুর ২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে। ১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। যাত্রাপথে উভয়দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকালে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাবনার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

/এসবি/