শিরোনাম

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধায় ও রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের আব্দুল আজিজের স্ত্রী শাহিনারা বেগম ও নাগরিয়াকান্দী এলাকার হারুনুর রশিদের ছেলে রমজান আলী।

পুলিশ জানায়, নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় সেতুর উপর থেকে কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি রমজান আলীকে শহরের নাগরিয়াকান্দী ও অপর আসামি শাহিনারাকে ইউএমসি জুট মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মঈনুল ইসলাম মিরু বলেন, ‘কুকুর পৃথিবীর অন্যতম প্রভুভক্ত প্রাণী এবং মানুষের উপকারী। সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীই কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে যে বিকৃত আচরণ দেখা যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় আগে একজন ও আজ দুইজনসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এর আগে, গত ২৫ জুন একই ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানার পুলিশ। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২৯/৩৪ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে একটি কুকুরের গলায় রশি বেঁধে রশির অপর প্রান্তে ইট লাগিয়ে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

/এসআর/