ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও করায় গাড়িচালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও করায় গাড়িচালককে হত্যা
নিহত গাড়িচালক আবু ইউসুফ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ভিডিও ধারণ করায় আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফের গ্রামের বাড়ি কুমিল্লার শাহরাস্তি উপজেলায়। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পেশায় তিনি একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের সঙ্গেবিরোধ চলছিলো। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে আসার সময় তাদের মধ্যে মারমারিতে জুয়েল আরমান আহত হয়। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে জুয়েলের লোকজন। এসময় দেলোয়ারের প্রতিবেশী ইউসুফ ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় হামলার ভিডিও ধারণ করলে তাকে ছুরিকাঘাতে জখম করে জুয়েলের সমর্থকরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ফতুল্লায় আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। এর জেরে রাতে দেলোয়ারের বাড়িতে জুয়েল আরমানের লোকজন হামলা চালায়। সে সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফ নামের ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

/এসবি/