মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত, কেউ দগ্ধ হয়নি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত, কেউ দগ্ধ হয়নি
ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের কেউই দগ্ধ হয়নি। তবে ধোঁয়ায় অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এক ব্রিফিংয়ে একথা জানান।

তিনি বলেন, এ পর্যন্ত এই দুর্ঘটনায় ৭৯ জন মাদ্রাসা শিক্ষার্থী আমাদের কাছে এসেছেন। এর মধ্যে একজনেরও শরীরের কোথাও দগ্ধ নাই, তবে শ্বাসনালী পুড়ে যাওয়ার একটা ব্যাপার আছে।

তিনি জানান, এই ৭৯ জনের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬ জনকে বহির্বিভাগে চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

ডা. সুলতান মাহমুদ আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে এরইমধ্যে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে। বাকি তিনজন আইসিইউতে আছেন। ৭২ ঘণ্টার আগের তাদের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় লাগা আগুনে লাইব্রেরি পুড়ে গেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে।

বার্ন ইনস্টিটিউটে ডা. সুলতান মাহমুদ বলেন, হাসপাতালে আসা সবারই শ্বাসনালী পুড়ে গেছে, এমন নয়। কেউ কেউ মনে করছে যে পুড়ে গিয়েছে। আসলে হয়তোবা শ্বাসনালী পোড়েনি, কিছুটা আঁচ লেগেছে। সেক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি সেড়ে উঠবে।

/এফসি/