ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহতদের ৪ জন একই পরিবারের

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহতদের ৪ জন একই পরিবারের
ময়মনসিংহে দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম

ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও ৩ নারীসহ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর পূর্ব গন্দ্রপা বাইপাস মোড়ে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন– জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মৃণাল (৫)। মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রীর কাজ করেন। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছলে মুক্তাগাছা থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে সব লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, বাইপাস রোডে বেপরোয়া গতির কারণে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। তারা এই এলাকায় গতিরোধক স্থাপনের দাবি করলেও তা দেওয়া হচ্ছে না।

/এফসি/