জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সংবাদদাতা
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
(ডানে) গ্রেপ্তারকৃত ২ যুবক

মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন– মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার মো. মিয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার মো. বাবু বিশ্বাসের ছেলে আলী কদর ওরফে শাওন (১৯)।

জেলা পুলিশ জানায়, কয়েকজন যুবক সরকারি কলেজের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে পেট্রোল ভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে। তবে বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্মৃতিস্তম্ভের পাশে পড়ে। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করেন।

ওসি প্রদীপ কুমার সানা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

/এফআর/