শিরোনাম

মেহেরপুরে বোমাতঙ্ক, অতঃপর বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুরে বোমাতঙ্ক, অতঃপর বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ
বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলে আছে বোমাসদৃশ বস্তু

সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানের বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এগুলো বোমা নয় সাউন্ড বক্স বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক তারের সঙ্গে বক্স আকৃতির বস্তু দেখতে পান স্থানীয়রা। বক্সগুলো থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে থাকে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় বক্সগুলো নামিয়ে পানি ভর্তি বালতির মধ্যে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বক্সটি খুলে দেখা যায়, এগুলো মূলত সাউন্ড বক্স।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

/এসবি/