শিরোনাম

কমিটিতে নাম না থাকায় অঝোরে কাঁদলেন যুবদল নেতা

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সংবাদদাতা
কমিটিতে নাম না থাকায় অঝোরে কাঁদলেন যুবদল নেতা
সুমন চৌধুরী। ছবি: ভিডিও থেকে

লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন যুবদলের এক নেতা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা।

বুধবার (১৭ জুন) বিকালে ১০১ সদস্যের জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরীর নাম না থাকায় হতাশা ও ক্ষোভ থেকে সন্ধ্যায় তিনি এ লাইভ করেন।

জেলার নবগঠিত যুবদলের কমিটিতে আবদুল আলিম হুমায়ূনকে সভাপতি এবং সৈকত রশিদুল হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১০ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে সুমন দাবি করেন, তিনি দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেননি। এমনকি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডও করেননি। তারপরও তাকে যুবদলের কমিটিতে রাখা হয়নি। কেন তাকে কমিটিতে রাখা হয়নি, লক্ষ্মীপুর জেলা যুবদলকে এর জবাব দিতে হবে বলেও বলেন সুমন।

কমিটি থেকে বাদ পড়ার কারণ জানানো হয়নি উল্লেখ করে সুমন চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন রাজপথে সময় ও শ্রম দিলেও তাকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, ১৭ বছর নিষ্ক্রিয় ছিল এমন ব্যক্তিকেও কমিটিতে রাখা হয়েছে। এমনকি একজন দীর্ঘদিন প্রবাসে ছিল তাকেও রাখা হয়েছে। কিন্তু আমাকে রাখা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে যুবদলের নতুন সভাপতি আবদুল আলিম হুমায়ূন বলেন, ‘এমন অনেক ত্যাগী ও যোগ্য নেতা ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। তবে কমিটি ১০১ সদস্যবিশিষ্ট হওয়ায় অনেক যোগ্য নেতা ঝরে পড়েছেন। সুমনের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে সুমন চৌধুরী দলের ত্যাগী নেতা বলে মন্তব্য করেছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন। তিনি বলেন, কী কারণে তিনি বাদ পড়লেন, আমরা বিষয়টা দেখছি।’

/জেএইচ/