টুঙ্গিপাড়া থানায় আগুন: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
টুঙ্গিপাড়া থানায় আগুন: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে ১ নম্বর এবং সহসভাপতি ইলিয়াস সরদারকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গেল ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। এ সময় তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের কথা উল্লেখ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং তাদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

/টিই/