গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর-আগুন
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে আগুন

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান। এর পেছনে ‘আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন’ ছিল বলে জানিয়েছেন তিনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, সকালে বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপির বাড়িতে এসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেয়।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন। পরে পেট্রল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন দেওয়ার আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান বলে জানিয়েছেন তিনি।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় এবং মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

/জেএইচ/