নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আতঙ্কে: গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আতঙ্কে: গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তার অভিযোগ, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা জেলায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছেন। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশ ও বিজিবি মোতায়েন থাকলেও তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শরীফ রফিকুজ্জামান এসব অভিযোগ করেন।

তিনি বলেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শুধু রাজনৈতিক নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জেলা বিএনপির আহ্বায়কের অভিযোগ, গতকাল বুধবার টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের মারধর ও হেনস্তা করা হয়। তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

শরীফ রফিকুজ্জামান বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না। একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময়ও সারা দেশে সহিংসতা হয়েছিল। সে সময় গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। তার দাবি, ওই ঘটনার ধারাবাহিকতায় এবারও নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সহিংসতা চালানো হচ্ছে।

জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পুলিশ ও বিজিবি মোতায়েন থাকলেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এতে জেলার প্রায় ১৫ লাখ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন শরীফ রফিকুজ্জামান। তিনি বলেন, গোপালগঞ্জের ১৫ লাখ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জেলায় শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

/এমআর/