শিরোনাম

শিবির নেতা হত্যা: যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
শিবির নেতা হত্যা: যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে আগুন

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জুন) রাতে উপজেলার বোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে রবিবার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল ও তার ভাই পলাশের হামলায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলার বোনারপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, মুকুলের বাড়িতে হামলা ও সড়ক অবরোধের ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যায় জড়িত থাকার অভিযোগে আশরাফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে, গাইবান্ধা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু জানান, ইতোমধ্যে মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

/এসবি/