শিরোনাম

ফরিদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ
ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ফরিদপুরে সড়ক বিভাগের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চালায় সড়ক বিভাগ। অভিযানে অন্তত দুই শতাধিক পাকা, সেমি পাকা ও কাঁচা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকায় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এবং দুই পাশে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে সড়ক বিভাগকে সহায়তা করেছে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।

সড়ক বিভাগ ও সংশ্লিষ্টদের দাবি, সরকারি জমি দখল করে দোকানপাট এবং অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় সড়কের জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ ও বাহির হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি সাধারণ পথচারীরাও ভোগান্তিতে পড়ছিলেন।

এসব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু

হয়। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সড়ক বিভাগের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এবং হাসপাতাল সামনে থাকা অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। একইসঙ্গে সড়ক ও হাসপাতাল এলাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন দোকানপাট ও অন্যান্য স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক বিভাগের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে সহায়তা করা হচ্ছে। সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাট বসানোর কারণে রোগী, স্বজন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। তাই এ অভিযান।

তিনি আরও বলেন, নাগরিকদের প্রয়োজনে এ ধরণের অভিযান চলমান থাকবে।

/এফআর/