ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৩ কিশোর আটক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৩ কিশোর আটক
ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক তিন কিশোরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরে মহাসড়কে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে দাবি জেলা ছাত্রলীগের। এছাড়া ভাঙ্গা উপজেলায় মশাল হাতে ঝটিকা মিছিলকালে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান। এক মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীদের নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন তিনি। তাদের পাশ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করছে। ওই মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরীকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে তামজীদুল রশিদ চৌধুরী হোয়াটসঅ্যাপে বলেন, মিছিলের আগে তারা ১৫ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করেন। ওই সময় মহাসড়কের দুই পাশে যেসব বাস আটকা পড়ে, তারা প্রতিটি বাসে উঠে যাত্রী ও চালকদের তাদের হরতাল ও অবরোধ কর্মসূচির কথা তুলে ধরে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, তারা কোনো সহিংসতা করেননি। পরে মহাসড়কে তারা মিছিল বের করেন।

তবে মহাসড়কে ছাত্রলীগের এ মিছিল করার দাবি অস্বীকার করে পুলিশ বলছে, অন্য কোথাও থেকে ভিডিও ধারণ করা হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানি আজাদ বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। এটি তার নগরকান্দা থানার সীমানার কোনো মহাসড়কের ঘটনা বলে মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে।

অপরদিকে, সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে ভাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বেশ কিছু নেতাকর্মী একটি ঝটিকা মশাল মিছিল বের করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তিনজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।

তাৎক্ষণিকভাবে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, কয়েকজন অল্পবয়সী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্র হয়ে মশাল মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জাফরুল্লাহর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘রাজা মিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং সেখান থেকে তিনজনকে আটক করেছেন। তবে আটক ব্যক্তিরা সবাই অল্পবয়সী। কার ইন্ধনে মশাল মিছিলটি বের করা হয়েছে, তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/