শিরোনাম

বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৩ যাত্রীর

নেত্রকোনা সংবাদদাতা
বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৩ যাত্রীর
দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: সংবাদদাতা

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে বাসচাপায় একটি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৩ জন।

রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চল্লিশা এলাকার বাইপাস মোড়ে বিক্ষোভ করে স্থানীয় উত্তেজিত জনতা। দুই ঘণ্টা পর নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

নিহতরা হলেন– নূরজাহান বেগম, তার বড় মেয়ে স্মৃতি আক্তার ও ছোট মেয়ে ইতি আক্তার। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস চল্লিশা এলাকার বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

/এসআর/