শিরোনাম

বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারে চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রবিবার (২৪ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শংকর পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার দেখাতে মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর আসছিলেন একই পরিবারে চার সদস্য। অ্যাম্বুলেন্সটি শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

/এফআর/