শিরোনাম

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি ১১ নারী সংগঠনের

নিজস্ব প্রতিবেদক
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি ১১ নারী সংগঠনের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সমাবেশ করে নারী অধিকারকর্মীরা ছবি: সংগৃহীত

নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ১১টি নারী সংগঠন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সমাবেশ শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলসহ বিভিন্ন দাবি জানিয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, এনপিএ, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গণতান্ত্রিক অধিকার কমিটি, ফুলকি, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র, নারীপক্ষসহ ১১টি সংগঠনের সদস্যরা অংশ নেন।

সমাবেশ শেষে নারী সংগঠনগুলোর ১১ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। সিইসির কাছে তারা অভিযোগ করেন, নারী নেতৃত্ব সম্পর্কে দলটির অবস্থান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। সিইসি তাদের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর মন্তব্য প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। পরে অবশ্য দলটি দাবি করে, জামায়াত আমিরের অ্যাকাউন্টটি ‘হ্যাক’করা হয়েছিল।

/বিবি/