পোশাক শ্রমিকদের আন্দোলন

সাভার-আশুলিয়া ও গাজীপুরে চারশর বেশি কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাভার-আশুলিয়া ও গাজীপুরে চারশর বেশি কারখানায় ছুটি ঘোষণা
আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় এবং গাজীপুরের শিল্পাঞ্চলের চারশর বেশি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর মধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলে ২৬৪টি এবং গাজীপুরে দেড় শতাধিক কারখানায় সোমবারের (২ নভেম্বরের) জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮টি কারখানায় ভাঙচুরের কথা জানিয়েছে শিল্প পুলিশ।

আন্দোলনের মধ্যে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে শিল্প পুলিশ-২ আশুলিয়া আঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার-আশুলিয়া অঞ্চলে ২৬৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারী গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড এবং জিকিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর্টিস্টিক ফ্যাক্টরির সামনে শ্রমিকরা বিক্ষোভের সময় অগ্নিসংযোগ করেন।

শিল্প পুলিশ-২ গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বাস-ট্রাক ভাঙচুর করেছে। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে।

এদিন সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থান নেয় পুলিশ ও শিল্প পুলিশ।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এদিন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে সেখানে কোনো কারখানায় ছুটি দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

/এফসি/