শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধ

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন

ঢাকার সাভার ও আশুলিয়াসহ আশপাশের এলাকার ২৬৪টি পোশাক কারখানায় আজ সোমবার (২ নভেম্বর) সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। শ্রমিক অসন্তোষ থেকে বিক্ষোভে শ্রমিকরা এদিন সকাল থেকে ফ্যাক্টরির সামনে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিক্ষেপ করেছে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, আশুলিয়ার পিকার্ড বাংলাদেশ, জনরন সোয়েটার, ফেরারী গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জিকিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এছাড়া আর্টিস্টিক ডিজাইন লিমিটেড ফ্যাক্টরির সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিক সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েকদিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। গাজীপুরের কালিয়াকৈরেও টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সকাল থেকে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন পোশাক শ্রমিকরা। দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আশুলিয়া শিল্পাঞ্চলে সকালে বিক্ষোভে নামেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

/এফসি/