শিক্ষার্থী হেনস্তার অভিযোগে জাবিতে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
শিক্ষার্থী হেনস্তার অভিযোগে জাবিতে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
শিক্ষার্থী হেনস্তার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম আবর্তনের এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ইতিহাস পরিবহনের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ১২টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী, গতকাল রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি বাসে ওঠেন। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে আবার ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত বাসভাড়া ১০ টাকা হলেও বাসটির কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন। এরপর নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নেমে যেতে বলা হয়। এ সময় তিনি বাস থামানোর পর নামবেন বলে জানালে কন্ডাক্টর তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। এ সময় তিনি চিৎকার করলে কন্ডাক্টর আর এগোননি। তবে বাস থেকে নামার পরও তাকে এবং তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ ও খারাপ আচরণ করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বাসসংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেব।

/এমআর/