শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় অন্তত ৩০ কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় অন্তত ৩০ কারখানায় ছুটি ঘোষণা
বিক্ষোভ চলাকালে মুখোমুখি পুলিশ ও পোশাক শ্রমিকরা

পোশাকখাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় আন্দোলনকারীরা মহাসড়ক অবস্থান নিলে তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। এসব ঘটনায় একাধিক শিল্প পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতিতে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ জানায়, সকালে কাঠগড়া এলাকায় প্রথমে ‘নাঈম নিটওয়্যার’-এর শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা বাইরে বেরিয়ে বিক্ষোভ করেন। পরে অন্যান্য কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে তাদের সঙ্গে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভরত শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি সামাল দিতে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশসহ শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।

/এফআর/