শয়নকক্ষ থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ সংবাদদাতা
কেরানীগঞ্জ সংবাদদাতা
শয়নকক্ষ থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত ডালিয়া আক্তার মীম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার মীম (৫০) নামে এক নারীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলা (দক্ষিণ) যুব মহিলা লীগের সদস্য ও বাস্তা ইউনিয়নের সভাপতি ছিলেন। এছাড়া চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও ছিলেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ডালিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়।

এর আগে বাসায় কাজ করতে আসা এক নারীর দাবি, ফ্ল্যাটের দরজায় নক করার পর বোরকা পরা এক অজ্ঞাত ব্যক্তিকে দ্রুত বেরিয়ে যেতে দেখেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।

স্থানীয়দের দাবি, ফ্ল্যাটের মেঝেতে ডালিয়া আক্তারের মরদেহ পড়ে ছিল। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিল রক্ত। সেখানে পায়ের ছাপও দেখা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানে একাই বসবাস করছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ডালিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি জানান, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য এরইমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও থানা পুলিশ যৌথভাবে কার্যক্রম শুরু করেছে।

/এফসি/