শিরোনাম

কিশোরগঞ্জে জমি জমা নিয়ে বিরোধ আহত ১০

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জে জমি জমা নিয়ে বিরোধ আহত ১০
প্রতীকী ছবি

জমিজমা নিয়ে বিরোধের হিসেবে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২১ মার্চ ) ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শূদ্র হাটি গ্রামে এই সংঘর্ষ ঘটে।


আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শূদ্র হাটি গ্রামের নাজমুল মেম্বার গ্রুপ ও আবুল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ঈদের জামাতের পরপরই নাজমুল মেম্বারের লোকজন আবুল হোসেনের বাড়ির সামনের একটি জমিতে বেড়া দিতে যান। এতে আবুল হোসেনের পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আবুল হোসেন, খুরশিদ আলম, হামিদা, নাজমুলসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর তিনজনকে জেলা সদরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

/এসআর/