৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজার সংবাদদাতা
৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন
ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় বেরিয়ে আসা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাপেক্স

দীর্ঘ ৩১ দিনের প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় বেরিয়ে আসা গ্যাসের আগুন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপনের মাধ্যমে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসা গ্যাসের আগুন বন্ধ করা হয়।

বাপেক্স জানায়, কেসিংয়ের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্দিষ্ট পথে বের করে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণের অভিযান সফল হয়েছে।

ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকালে ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়
ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকালে ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়

আরও জানিয়েছে, পরবর্তী ধাপে নলকূপের ভেতরে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকালে বিশেষ ধরনের তরল মিশ্রণ (ড্রিলিং মাড) ব্যবহার করা হবে। এর মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের চাপের ভারসাম্য বজায় রেখে অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গিরণ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

এরপর ওই এলাকায় ভূতাত্ত্বিক জরিপ (জিওলজিক্যাল সার্ভে) ও ভূকম্পন জরিপ (সিসমিক সার্ভে) পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে গ্যাস অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে বাপেক্স।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকালে হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা এক মাস ধরে সেখানে গ্যাসের আগুন জ্বলতে থাকে।

/এফসি/